
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে রিকশা চালক ফারুক হোসেন হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মামলার আরেকটি ধারায় তাদের ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ নুর ইসলাম এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার হিচমী পশ্চিমপাড়া এলাকার আ. বারীকের ছেলে মো. জুয়েল ও সিরাজ উদ্দীনের ছেলে মাহমুদুল। তারা জামিন নিয়ে পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৯ জুন দুপুরে সদর উপজেলার মাগনী পাড়ার জালাল উদ্দীনের ছেলে রিকশা চালক ফারুক হোসেন প্রতিদিনের মতো রিকশা নিয়ে বের হন। পরে রাতে সে আর বাড়ি ফেরেননি।
পরে ১ জুলাই সকালে নিহতের বাবা লোকমুখে জানতে পারেন সদর উপজেলার কড়ই কাদিপুর সড়কের পাশ থেকে তার ছেলের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে সেই রিকশাসহ জুয়েল ও মাহমুদুলকে আক্কেলপুর থানা পুুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় সেইদিনই জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে আসামিদের দোষী করে আদালত আজ এ রায় দেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু