হোম » সারাদেশ » আঁখির বাবাকে পুলিশের হুমকি, দুই পুলিশ ক্লোজড

আঁখির বাবাকে পুলিশের হুমকি, দুই পুলিশ ক্লোজড

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। শিরোপাজয়ে দেশজুড়ে বইছে আনন্দের জোয়ার। এ সময় নারী ফুটবলার দলের ডিফেন্সের খেলোয়ার আঁখি খাতুনের বাবাকে হুমকি দেওয়ার অভিযোগে শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদশক (এএসআই) মামুনুর রশিদ ও কনস্টবল আবু মুসাকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (বিপিএম-বার) এতথ্য নিশ্চিত করে বলেন, ফুটবলার আঁিখর বাবাকে হুমকি দেওয়ার ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। একই সাথে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কে তদন্তের জন্য বলা হয়েছে। এরআগে, আজ সকালে আঁখির বাবাকে হুমকি দেওয়া এএসআই মামুনুর রশিদ ও কনস্টবল আবু মুসাকে সিরাজগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

জানা যায়, গত বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পৌর সদরের পাড়কোলা গ্রামের আঁখির বাড়িতে উপস্থিত হয়ে এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসা সিভিল পোষাকে নোটিশ নিয়ে উপস্থিত হন। এসময় শাহজাদপুর থানার এএসআই মামুনুর রশিদ আখিঁর বাবা আক্তার হোসেনকে জানায়, দ্বাবারিয়া গ্রামের মৃত মেছের প্রাং এর ছেলে মো. মকরম প্রাং বাদী হয়ে সম্প্রতি সিরাজগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দ্বাবারিয়া মৌজায় জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগে একটি মামলা করেন। ফলে খুন জখম হওয়ার সম্ভাবনা থাকায় বিজ্ঞ আদালত উভয়পক্ষকে ওই নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

এতে ফুটবলার আঁখিসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে। এ সংক্রান্ত আদালতের নোটিশটি স্বাক্ষর প্রদানপূর্বক গ্রহণের জন্য এএসআই মামুনুর রশিদ আখির বাবা আক্তার হোসেনকে অনুরোধ করলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানালে এএসআই মামুনুর রশিদ তার উপর ক্ষুব্ধ হয়ে তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

আঁখির বাবা আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেয়ে আঁখিকে ওই জমি দিয়েছেন। ষড়যন্ত্রমূলক ভাবে একটি কুচক্রমহল জাল দলিলের মাধ্যমে ওই জমি দখলের পায়তারা করছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে শাহজাদপুর থানার ক্লোজড হওয়া দুই পুলিশ সদদ্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পর এদিন রাতেই আমি ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আঁখির বাড়িতে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছি। এছাড়া এ ঘটনায় তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি।

উল্লেখ্য, ফুটবলার আঁখির পরিবার অত্যন্ত হরিদ্র হওয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বাবারিয়া মৌজার ১নং খাস খতিয়ান ভূক্ত ওই সম্পত্তির ৮ শতক জমি আঁখির নামে দলিল মূলে স্বত্ব প্রদান করেন। গত কয়েকদিন আগে আনুষ্ঠানিক ভাবে আঁখির বাবা মায়ের হাতে ওই জমির দলিল হস্তান্তর করেন। ফলে প্রধানমন্ত্রীর দেওয়া আঁখির একটি মাথা গোজার ঠাই হয়েছিল। ষড়যন্ত্রমূলক ভাবে একটি কুচক্রমহল জাল দলিলের মাধ্যমে আদালতকে ভুল  বুঝিয়ে ওই জমি দখলের পায়তারা করছেন বলে আঁখির বাবা আক্তার হোসেন দাবী করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!