হোম » সারাদেশ » জামালপুরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

জামালপুরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ

রবিউল হাসান লায়ন: জামালপুরে ভ্রাম্ম্যমাণ আদালতে বালিবাহী ট্রাকের দুই চালক ও তিন শ্রমিককে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। রোববার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ফেরিঘাট এলাকায় এ বিক্ষোভ করে তারা।
এসময় প্রায় দুই ঘন্টা এই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।  জানা যায়, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ভাবে উত্তোলিত বালি পরিবহনের অপরাধে গত শনিবার শরিফপুর ইউনিয়নের বানার এলাকা থেকে দুইজন ট্রাক চালক ও তিনজন শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্ম্যমাণ আদালত।
এ ঘটনায় প্রশাসনের কাজের প্রতি ক্ষোভ প্রকাশ করে এসব শ্রমিকরা রাস্তা অবরোধ করে। পরিবহন শ্রমিকরা জানান, আমাদের গাড়ির লাইসেন্স, আমাদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় কাগজপত্র ঠিকঠাক আছে। কিন্তু গাড়িতে বালি পরিবহনের জন্য কেন আমাদের জেলে যেতে হবে। যারা অবৈধভাবে বালি উত্তোলন ব্যবসার সাথে জড়িত প্রশাসনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা ।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু। পরে পরিবহন শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারী শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে।
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান,  বালি পরিবহনের অপরাধে দুইজন ট্রাক চালক ও তিনজন শ্রমিককে ভ্রাম্ম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়ায় এ বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটেছে। তবে পুলিশ এবং পৌর মেয়রসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনা স্থলে গিয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!