
রবিউল হাসান লায়ন ঃ জামালপুরে ব্যক্তিমালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের প্রতিবাদে ক্ষতিপূরনের দাবি জানিয়েছেন পাট ব্যবসায়ীরা। এ ঘটনায় সোমবার দুপুরে শহরের চাপাতলা ঘাট এলাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমজাদ হোসেন অভিযোগ করে লিখিত বক্তব্যে বলেন, জামালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রোববার দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু শহরের চাপাতলা এলাকায় আমার ব্যক্তিমালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানেও উচ্ছেদ অভিযান চালানো হয়। বিনা নোটিসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করলে প্রথমে আমরা বাধা দিলেও পরে সেখানে পৌর কর্মকর্তা-কর্মচারীরা বুলডোজার দিয়ে প্রতিষ্ঠান গুড়িয়ে দেয় যা সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন ব্যবসায়ী আমজাদ হোসেন। তিনি জায়গাটি বৈধ দাবি করে বলেন, এ জায়গাটি দলিলমুলে আমি মালিক। জায়গাটি জামালপুর পৌরসভার নয়, শেরপুর জেলার অন্তর্ভুক্ত।
কিভাবে কোন আইনের বলে জামালপুর পৌরসভা ওই জায়গাটির স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করলো তা আমার জানা নেই। এই জায়গার দলিল রয়েছে। রেকর্ড ও নাম জারি হয়েছে। নিয়মিত ভাবে ভুমি কর (খাজনা) দিয়ে আসছি। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ভুমি, উপজেলা ভুমি কর্মকর্তা ও জামালপুর পৌরসভার মেয়রকে বিবাদী করে শেরপুরে আদালতে এ ব্যাপারে মামলা দায়ের আছে। কোন আইনের তোয়াক্কা না করে জামালপুর পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই উচ্ছেদ অভিযানে আমার কয়েকটি পাটের গুদামসহ ব্যবসায়ী প্রতিষ্ঠান তছনছ করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করেছে। তিনি ক্ষতিপূরনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মাজেদুল ইসলাম সাত্তার, গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, আমিনুল ইসলাম শান্ত।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার সচিব মো. হাফিজুর রহমান বলেন, শহরের যানজট নিরসনে বাইপাস রোডের লিংক রোড প্রশস্ত করার জন্য জনস্বার্থেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন
রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময় ও খাদ্য বিতরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে আলোচনায় মাসুম বিল্লাহ
কাউখালীতে সরকারি নির্দেশ অমান্য: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা