হোম » সারাদেশ » রংপুরের বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণদেয়া হচ্ছেঃ-ত্রাণ প্রতিমন্ত্রী

রংপুরের বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণদেয়া হচ্ছেঃ-ত্রাণ প্রতিমন্ত্রী

সালেকুজ্জামান সালেক রংপুরঃ দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন, ভারতের উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে। ইতোমধ্যে রংপুর অঞ্চলের বন্যাদুর্গত মানুষের সহায়তা দেওয়ার জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে। বন্যাকবলিত এলাকার মানুষজনকে মানবিক সহায়তা দেওয়ার জন্য ৫০ মেট্রিক টন চাল এবং এ অঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া চার হাজার প্যাকেট শুকনো খাবার দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত এলাকায় চার হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। প্রতিটি খাবার প্যাকেটের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবণ রয়েছে।

এছাড়া গো-খাদ্য ও শিশুদের খাবারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পরে তিনি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার উদ্দেশ্যে রওনা দেন। এর আগের দিন বৃহস্পতিবার ত্রান প্রতিমন্ত্রী রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতি গ্রস্থ রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর মাঝিপাড়া এলাকা পরিদর্শন করেন । এসময় পীরগঞ্জের হিন্দুপল্লিতে হামলায় ক্ষতি গ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ তৎপরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঘটনার পর দিন সকাল থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই এলাকায় শুকনো খাবার দেয়া হয়েছে। সেই সঙ্গে ঘর নির্মাণের জন্য ২০০ বান্ডিল টিন দেওয়া হয়েছে। অস্থায়ীভাবে বসবাসের জন্য তাবু করে দেওয়া হয়েছে।

ঘরবাড়ি নতুন টিন দিয়ে নির্মাণ করে দেয়া হচ্ছে। শিগগিরই এসব ঘরবাড়ি নির্মাণ শেষ হবে। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসীন, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ বিভাগ) আবু মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!