
আজিজুর রহমান হাবিপ্রবি প্রতিনিধিঃ হেপাটোবিলিয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী ফিরোজ মেহবুব। বুধবার (৬ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটে রংপুরের প্রাইম হাসপাতালে তার মৃত্যু হয়। ফিরোজ মেহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামের রফিকুল ইসলামের (মন্টু) ছেলে।
চিকিৎসকরা জানিয়েছেন, ফিরোজের ক্যান্সার লিভার থেকে পিত্তথলিতে ছড়িয়ে পড়েছিল। ফিরোজকে বাঁচাতে দ্রুত ভারতে নেয়ারও পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে মেধাবী শিক্ষার্থী ফিরোজ মেহবুবের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীদের ভাষ্য, ফিরোজ মেহবুব ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি ছিল। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিরোজ মারা যাওয়ায় তারা শোকাহত। তার জন্য দোয়া চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।
পরিবার সূত্রে জানা গেছে ফিরোজের জানাজা বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় তার নিজ গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামে সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ফিরোজের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি মেধাবী তাজা প্রাণ ঝরে গেল। এ ধরনের অকাল মৃত্যু মেনে নেয়া কষ্টদায়ক। আমি ফিরোজ মেহেবুব’র শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুন
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩