হোম » সারাদেশ » রংপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর প্রেমিক নিহত

রংপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর প্রেমিক নিহত

রংপুর ব্যুরো অফিস: রংপুরের পীরগঞ্জ পৌরসভা এলাকায় স্বামীর বাঁশের লাঠির আঘাতে নিহত হয়েছেন স্ত্রীর পরকীয়া প্রেমিক পারভেজ (২৫) নামে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন স্ত্রী মমতাজ বেগমও (৩৪)। গত শনিবার রাতে পীরগঞ্জ পৌর এলাকার সোনাকান্দ গ্রামে এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেশ চন্দ্র জানান, পীরগঞ্জ পৌর এলাকার সরকারী হাইস্কুলের সামনে মোবাইল সার্ভিসিং দোকানের মালিক পারভেজ ইসলামের সাথে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাকান্দ এলাকার আমিনুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের পরকীয়ার সম্পর্কের অভিযোগ ছিল। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে আমিনুল বাড়িতে ফিরে স্ত্রী ও পারভেজকে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকা অবস্থায় ধরে ফেলেন।

এতে ক্ষুব্ধ হয়ে আমিনুল বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়িভাবে স্ত্রী ও পারভেজকে পেটাতে থাকেন। এতে মাথায় গুরুতর আঘাত পান পারভেজ। পরে সেখান থেকে বের হয়ে রাস্তায় অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে পারভেজের মৃত্যু হয়। আহত মমতাজ বেগমকে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি জানান, বিষয়টি তদন্ত করছি। তবে দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। পারভেজের বাবা পীরগঞ্জ সদর ইউনিয়নের বালুয়াঘাট এলাকার বাসিন্দা রেনু মেকার জানান, তিনি ছেলে হত্যার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন। এ ঘটনার পরপরই আমিনুল বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। মমতাজ বেগমের একটি মেয়ে সন্তান এবং নিহত পারভেজের এক ছেলে সন্তান রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!