
এম.এরাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছেলেকে মারপিটের খবর শুনে বাবা আতাউর রহমান হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন। বুধবার ভোর ৪ টার দিকে তিনি ঢাকা মিটফোর্ড হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুপুরে নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকার আতাউর রহমানের ছেলে আকাশ হোসেন মঙ্গলবার সন্ধ্যায় সাইলো সড়ক থেকে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জেরধরে একই মহল্লার আব্দুল লতিফের ছেলে হাসান, এরশাদ ও মোহন তাকে পথরোধ করে মারপিট করে আহত করে।
এ খবর শুনে ঢাকা বাবুবাজার এলাকায় একটি দর্জির দোকানে কাটিং মাস্টার হিসেবে কর্মরত আকাশের বাবা আতাউর রহমান রাত ১০টায় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪ টার দিকে তিনি মারা যান। এদিকে স্থানীয়রা আকাশকে আহত অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বুধবার দুপুরে আকাশের চাচা আশরাফুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের মন্তব্য পাওয়া যায় নি।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা