হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়া ৫০ শয্যা হাসপাতাল একমাত্র করোনা চিকিৎসক আলামিন ৩য় বার করোনায় আক্রান্ত

উল্লাপাড়া ৫০ শয্যা হাসপাতাল একমাত্র করোনা চিকিৎসক আলামিন ৩য় বার করোনায় আক্রান্ত

উল্লাপাড়া প্রতিনিধিঃ উপজেলা রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা ও করোনা ফোকাল পার্সন (এমওডিসি) ডাক্তার মোঃ আলামিন হোসেন ৩য় বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উল্লাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের একমাত্র করোনা চিকিৎসক হিসেবে কর্মরত। এর আগে তিনি ২০২০ সালের ৮ জুলাই প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ২০২১ সালের ২৫ জানুয়ারি ২য় দফায় এবং পরবর্তীতে চলতি বছরের ২৯ জুলাই তারিখে তিনি ৩য় বার

করোনায় আক্রান্ত হয়ে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ৩৯তম বিসিএসের এই তরুণ ডাক্তার গেল বছর করোনা রোগ নিয়ন্ত্রণ ও এর চিকিৎসার উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর থেকে তিনি এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু করেন। ২০২০ সালের মার্চ মাস থেকে প্রায় দেড় বছর ধরে ডাক্তার আলামিন অসংখ্য করোনা রোগীর চিকিৎসা, বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ এবং রোগীদের চিকিৎসাপত্র দিয়ে

আসছেন। একই সঙ্গে তিনি করোনা রোগীদের নিবন্ধন ও মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমেও করোনা রোগীদের চিকিৎসাপত্র প্রদান ও তাদের পরামর্শ দিয়ে থাকেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে করোনার টিকাদান কার্যক্রম শুরু হলে আলামিন এখানেও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আর এভাবে একা শত শত করোনা রোগীর সংস্পর্শে আসায় তিনি ৩য় বারের মতো আবারও করোনায় আক্রান্ত হয়ে এখন তিনি বিচানায় শয্যাশায়ী। এদিকে উল্লাপাড়া ৫০ শয্যা হাসপাতালের একমাত্র করোনা চিকিৎসক নতুন করে করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালের করোনা চিকিৎসা কার্যক্রম ও নমুনা সংগ্রহ এখানে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ৫০ শয্যা হাসপাতাল প্রধান ডাক্তার আনোয়ার হোসেন জানান, তার হাসপাতালের একমাত্র প্রশিক্ষিত করোনা চিকিৎসক হিসেবে আলামিন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রোগীদের করোনা চিকিৎসা দিয়ে থাকেন। ৩য় বার করোনায় আক্রান্ত হবার পর এখন এখানে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম ও নমুনা সংগ্রহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, ডাক্তার আলামিন হোসেন একজন দায়িত্বশীল ও নিবেদিত চিকিৎসক। প্রায় দেড় বছর ধরে তিনি নিরলসভাবে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। বার বার করোনায় আক্রান্ত হওয়ায় তিনি (ইউএনও) নিজেও চিন্তিত। নির্বাহী কর্মকর্তা আলামিনের আশু রোগমুক্তি কামনা করেন।

এ বিষয়ে করোনা চিকিৎসক ডাক্তার আলামিন হোসেন জানান, ৩য় বার করোনায় আক্রান্ত হয়ে তিনি এখন আইসোলেশনে অত্যন্ত কঠিন দিন পার করছেন। দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে চান। এজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!