
শেখ নাইম ইসলাম,মোংলা প্রতিনিধিঃ বর্তমান সরকার এবং বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপের ফলে ক্রমশ উন্নতির দিকে ধাবিত হচ্ছে দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। উন্নয়নের এই ধারাবাহিকতায় গত রবিবার (২৫ অক্টোবর) মোংলা বন্দরের সবকয়টি জেটিতে বিদেশী জাহাজে ছিল পরিপূর্ণ যা বন্দরের ইতিহাসে একটি বিরল ঘটনা।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জেটি ও চ্যানেলের নাব্যতা বৃদ্ধি এবং মোংলা বন্দরের সক্ষমতা বাড়ায় একই সাথে ৫ টি জাহাজ মালামাল খালাসের জন্য বার্থিং করা হয়। লাইবেরিয়ার জাহাজ কার্গো নিয়ে এমভি ডেইজি, সিঙ্গাপুরের জাহাজ কন্টেইনার নিয়ে এমভি কোটারিয়া, সিঙ্গাপুরের জাহাজ কন্টেইনার নিয়ে এমভি কোটাহরম্যাট, পানামার জাহাজ প্রজেক্ট কার্গো নিয়ে এমভি হনর প্যানক্যাডস মালয়েশিয়ার জাহাজে মালয়েশিয়া থেকে আমদানি করা গাড়ি নিয়ে এমভি মালয়েশিয়া স্টার মোংলা বন্দরের জেটিতে বার্থিং করেন।
মোংলা বন্দরে অবস্থানরত জাহাজগুলোর মধ্যে ৭ মিটার ড্রাফটের জাহাজ ২টি। জেটিতে ৫ টি সহ মোংলা বন্দরে মোট ১১ টি জাহাজ অবস্থান করছে। জানতে চাইলে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম. শাহজাহান বলেন, বন্দরের উন্নয়নে গৃহিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ফলে অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। বন্দরে জাহাজ আগমনের সংখ্যা দ্রুত বাড়ছে। বিশেষ করে গাড়ি আমদানিতে মোংলা বন্দরের গুরুত্ব বেড়েছে কয়েকগুন। মাওয়ায় পদ্মা সেতু চালু হলে আমদানি রপ্তানীতে শীর্ষ স্থান দখল করবে মোংলা বন্দর। তিনি আরো বলেন, মোংলা বন্দরের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পদক্ষেপ বন্দরের কার্যক্রমকে আরো গতিশীল করেছে।
জানা গেছে, চলতি মাসের ২৬ অক্টোবর পর্যন্ত মোংলা বন্দরে জাহাজ আগমন করেছে মোট ৬০ টি। তার মধ্যে কন্টেইনারের জাহাজ পাঁচটি। গত সেপ্টেম্বর মাসে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৮৩টি। বন্দরের উপসচিব মাকরুজ্জামান মুন্সী জানান, মোংলা বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি ও সময় উপযোগী সিদ্ধান্তের কারনে বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে প্রথম বারের মত মোংলা বন্দরের সবগুলো জেটিতে বিদেশী জাহাজে পূরিপূর্ণ। ২০২১ সালে এ বন্দরে জাহাজ আগমনের সংখ্যা এক হাজারে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন বন্দরের এ কর্মকর্তা।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত
একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম