হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় ধর্ষণের বিরুদ্ধে জেগেছে জনতা, বিচারের দাবিতে মানববন্ধন

হাতীবান্ধায় ধর্ষণের বিরুদ্ধে জেগেছে জনতা, বিচারের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমানঃ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ, নিপীড়ন-সহিংসতা বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাতীবান্ধা উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কে উপজেলায় মানববন্ধন সমাবেশ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।‌
ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের পর নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, এভাবে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে।
বক্তৃতায় অভিযোগ করা হয়, ধর্ষকদের অধিকাংশই ক্ষমতাসীন দলের নেতাকর্মী। সরকার চাইলে নিজের দলের নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এসব ন্যাক্কারজনক কর্মকাণ্ড বন্ধ করতে পারে। কিন্তু তা না করে, আইনের ফাঁকফোকর দিয়ে তাদের মুক্তির ব্যবস্থা করা হয়। এ কারণে প্রতিদিন অসংখ্য অপরাধ সংঘটিত হচ্ছে। অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!