
লালমনিরহাট প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছিলো ছেলে ও তার বউ। এ ঘটনায় ওই বৃদ্ধা মা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ছেলে ও ছেলের বউয়ের নামে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী নুরজাহান (৬৫)। ৩ছেলে ও ৩মেয়ে নিয়ে ছিল ৮সদস্য একটি সংসার। ছেলে ও মেয়ে সবার বিয়ে হয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে ছোট ছেলে হাফিজুরের সাথে থাকতেন মা।
কিন্তু সোমবার (২১ সেপ্টেম্বর) পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় ছেলে নুর আমিন (৪০) ও তার স্ত্রী সাজেদা মিলে বৃদ্ধা মা নুরজাহানকে ব্যাপক মারপিট করেন।মারধরের শিকার বৃদ্ধা মা নুরজাহান সম্পর্কে এলাকাবাসী বলেন, পারিবারিক ঘটনায় বার বার বৃদ্ধা মাকে নির্যাতন করেন ছেলে ও তার বউ। এর আগেও নুর আমিন তার মাকে মারধরও করেছে।
বৃদ্ধা নুরজাহান বলেন, আমি অসুস্থ, চলতে পারি না। এই বয়সে ছেলে ও বউয়ের নির্যাতন আর সহ্য হয় না। আমার ওপর খুব নির্যাতন করে। আমার ছেলে নুর আমিন ও তার স্ত্রী আমাকে মারপিটসহ কিল ঘুষি দিতে থাকে। আমার আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা আমি আইনে মাধ্যমে উপযুক্ত বিচার চাই।
অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এক ভাগিনাকেও পিটিয়েছেন মামা ও তার বউ। এ ঘটনায় ওই ভাগিনা মোঃ রফিকুল ইসলাম সোমবার (২১ সেপ্টেম্বর) মামা নুর আমিন ও মামী সাজেদাসহ ৪জনের নামে লালমনিরহাট সদর থানায় অপর একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম বলেন, আমি অভিযোগ পেয়েছি। ছেলে কর্তৃক মাকে মারপিটের বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত