হোম » সারাদেশ » শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মোল্লাহাটে ভ্যানচালক নিহত

শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মোল্লাহাটে ভ্যানচালক নিহত

রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে দুই শিশুর তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষে সোহাগ শেখ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গত রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। পেশায় ভ্যানচালক সোহাগের অকাল মৃত্যুতে তার স্ত্রী ও তিন শিশু সন্তান বর্তমানে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, রোববার দুপুরে জিন্দার শেখের ছেলে আবু হুরায়রা (৮) ও তার চাচাতো ভাই নূর হোসেনের (৯) মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের আরেক চাচাতো ভাই ইসলাম শেখ শিশুদের শান্ত করার চেষ্টা করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং সন্ধ্যার পর তা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।
স্বজনদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে প্রথমে ইসলাম শেখকে মারধর করা হয়। খবর পেয়ে তার ভাই সোহাগ শেখ সেখানে গেলে তাকেও পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, খবর  পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!