
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় তিন সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের (২৬) সাথে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছে।
এই ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীর মা মোসা. নাজমা আক্তার (৬০)।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, উপজেলার ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় প্রবাসী। স্বামী বিদেশে থাকায় নিশাত তাঁর ৩ সন্তান নিয়ে উত্তর নারায়ণপুর গ্রামে মায়ের বাড়িতেই বসবাস করছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ী মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেন (২৬) চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সাথে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন।
তারই ধারাবাহিকতায়, গত ২৭ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় রিয়াজ হোসেন কৌশলে নিশাত আক্তারকে নিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তাঁর ৩ সন্তানকে নানার বাড়িতে রেখে যান।
নাজমা আক্তার (মা) অভিযোগে দাবি করেন, ঘর ছাড়ার সময় নিশাত আক্তার পরিকল্পিতভাবে ঘর থেকে নগদ ৯ লক্ষ ১০ হাজার টাকা এবং প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, ১টি চেইন ও ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে যান। পাশাপাশি ২ লক্ষ টাকা মূল্যের ১টি স্কুটি (মোটরসাইকেল) সহ যাবতীয় মালামাল নিয়ে যান।
পরবর্তীতে প্রবাসীর স্ত্রীর শয়নকক্ষ তল্লাশি করে ১ নং ও ২ নং বিবাদীর একটি যৌথ বিবাহের হলফনামা (অ্যাফিডেভিট) উদ্ধার করা হয়।
নোয়াখালীর নোটারী পাবলিকের কার্যালয় থেকে সম্পাদিত ওই হলফনামা অনুযায়ী, তারা গত ০৪ মে ২০২৬ তারিখেই পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের বিষয়টি গোপন রেখে তারা পরিকল্পিতভাবে এই অর্থ ও অলঙ্কার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন তিনি আরো বলেন, থানায় ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে চোরাই মালসহ চোর গ্রেফতার
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
দুপচাঁচিয়ায় মানিক হত্যা মামলার পলাতক প্রধান আসামি ফিরোজ গ্রেপ্তার