
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদীর তীরল এলাকায় অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ডের তাঁত প্রশিক্ষণ উপকেন্দ্রটি বর্তমানে কার্যত অচল অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশিক্ষণ কেন্দ্রের ভবন ও অবকাঠামো থাকলেও দীর্ঘদিন ধরে কোনো নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে না, ফলে প্রতিষ্ঠানটি তার মূল উদ্দেশ্য থেকে অনেকটাই বিচ্যুত হয়েছে।
বাংলাদেশ তাঁত বোর্ড বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের তাঁতশিল্পের উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। সেই ধারাবাহিকতায় বাঞ্ছারামপুরেও প্রতিষ্ঠিত হয় এই তাঁত প্রশিক্ষণ উপকেন্দ্র।
স্থানীয়দের অভিযোগ, একসময় এখানে তাঁত বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে কেন্দ্রটি প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবন ও অন্যান্য স্থাপনা থাকলেও প্রশিক্ষণার্থী নেই, নেই নিয়মিত প্রশিক্ষক বা কার্যক্রমের কোনো দৃশ্যমান উদ্যোগ। ফলে সরকারি অর্থে নির্মিত এ প্রতিষ্ঠানটি জনসাধারণের কোনো কাজে আসছে না।
এলাকার যুবক-যুবতীরা জানান, তাঁত ও বস্ত্র খাতে দক্ষতা অর্জনের সুযোগ থাকলে অনেকেই প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে নিতে পারতেন। কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
সচেতন মহল মনে করে, বাঞ্ছারামপুরে তাঁত প্রশিক্ষণ উপকেন্দ্রটি পুনরায় কার্যকর করা হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে নারী ও তরুণদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে এবং ঐতিহ্যবাহী তাঁতশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কেন্দ্রটির বর্তমান অবস্থা পর্যালোচনা করে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালু করুক। অন্যথায় সরকারি সম্পদ ও অবকাঠামো দীর্ঘদিন অব্যবহৃত থেকে আরও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন
লালমোহনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ,দুই ধর্ষক গ্রেফতার
মোল্লাহাটের গাড়ফা বাজারে জমজমাট চারা বিক্রি
নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত