
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষকরা তাদের উৎপাদিত লাউ, করলা, বেগুনসহ বিভিন্ন কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তুলেছেন। ফড়িয়ারা দাম নির্ধারণ করে কৃষিপণ্য ক্রয় না করায় বিক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা।
রবিবার (২১ জুন) রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তা ও সেনুয়া বাজারে ফড়িয়াদের গদিঘরের সামনে প্রায় চার ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা।
স্থানীয় কৃষক সাঈদ হোসেন ও বেল্লাল সহ অনেকে জানান, এলাকার বাইরে থেকে ব্যবসায়ীরা এসে নির্ধারিত দামে ফড়িয়াদের মাধ্যমে কৃষিপণ্য কিনে থাকেন। কিন্তু ফড়িয়ারা কৃষকদের সঙ্গে দাম নির্ধারণ না করেই করলা, লাউসহ বিভিন্ন ফসল নিয়ে যান। পরে তিন-চার দিন পর তাদের নিজেদের ইচ্ছামতো কৃষকদের হাতে টাকা তুলে দেন। কৃষকরা ফসল বিক্রির জন্য ফড়িয়াদের গদিঘরে দাম জানতে চাইলে তারা বলেন, “দাম নেই, মাল দেন, বিক্রি করে টাকা দেব।
এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। ফসল বিক্রি করেও তাদের লোকসান গুনতে হচ্ছে, আর লাভের টাকা গুনছে ফড়িয়ারা। বিক্ষোভ চলাকালে কৃষকদের তোপের মুখে ফড়িয়ারা তাদের গদিঘর ছেড়ে চলে যান। পরে বিক্ষুব্ধ কৃষকরা একত্রিত হয়ে গদিঘরগুলোর শাটার নামিয়ে দিয়ে নীরব প্রতিবাদ জানান।
ঠাকুরগাঁও জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.এস.এম. মাসুম-উদ-দৌলা বলেন, “কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান এবং আড়ত, পাইকারি ও খুচরা বাজারে সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত হয়, সে লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সরেজমিনে গিয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি ও কৃষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে আপনাকে জানাব।

আরও পড়ুন
ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাসাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল গ্রেপ্তার