
মাজহারুল সোহান, লন্ডন:
রাষ্ট্রের সব সেবা ও সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি সংস্কৃতির অংশ হবেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। যুক্তরাজ্য সফর উপলক্ষে লন্ডনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি ইউকে অ্যালায়েন্স।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৫ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার মাইদা ব্যাংকুয়েটিং হলে হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি বলেন, দেশের সকল নাগরিকের সমান মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রের সেবা ও সুযোগ-সুবিধা যদি সাধারণ মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হয়, তাহলে কোনো ব্যক্তিবিশেষের বিশেষ সুবিধা গ্রহণ ন্যায্য হতে পারে না। তিনি জানান, দেশের সাধারণ মানুষ রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত থাকলে তিনি নিজেও কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি ব্যবস্থার অংশ হতে চান না।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে দেশ ও প্রবাসে অবস্থানরত নাগরিক, তরুণ সমাজ, বুদ্ধিজীবী এবং গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের আগে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি এবং সংবর্ধনা অনুষ্ঠান বানচালের চেষ্টা করে। তবে সংগঠনের স্বেচ্ছাসেবক টিমের তৎপরতা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রবাসী বাংলাদেশি, জুলাই যোদ্ধা, এনসিপির নেতাকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শাকুর ও সদস্য সচিব এম. এ. হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র আবুবকর মোল্লাসহ অন্যরা।

আরও পড়ুন
নতুন করে লেবাননে মুহুর্মুহু হামলা
পশ্চিমবঙ্গে বড় জয়ের পথে বিজেপি, এগিয়ে ১৯২ আসনে
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প