
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুল ইসলাম মাহিন (৩২) নামে এক ফিস ফিড কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নোনাডাঙ্গা এলাকায় বিসমিল্লাহ ফিস ফিডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইনুল ইসলাম মাহিন কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ বিসমিল্লাহ ফিস ফিডে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কোম্পানির মোটর চালিয়ে পানি সরবরাহ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তার স্ত্রী দ্রুত বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে মাইনুল মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রীর চিৎকারে অন্যান্য কর্মচারীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, মাইনুলের শ্বশুর-শাশুড়িসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রায় ছয় বছর ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার বছর বয়সী এক পুত্র সন্তান এবং সাত মাস বয়সী আরেকটি শিশু সন্তান রেখে গেছেন।
এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে নিহতের স্ত্রী জানিয়েছেন। ঘটনাস্থল মোল্লাহাট থানার আওতাধীন হওয়ায় পুলিশ একটি অপমৃত্যু মামলা রুজু করেছে। মোল্লাহাট থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
সরকারি রাস্তার পাশের গাছ উধাও, চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ
ধামগড়ে দীর্ঘদিনের পানিজট সমস্যা নিরসনে মেম্বার প্রার্থী শফিকুল ইসলামের উদ্যোগে পানি নিষ্কাশনের ব্যবস্থা
এলাকাবাসীর উন্নয়ন ও জনস্বার্থে বালু ভরাটের উদ্যোগ নিলেন চেয়ারম্যান প্রার্থী মোমেন ভুঁইয়া