হোম » সারাদেশ » কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশের চলাচলের পথ রক্ষায় মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে অভিযোগ

কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশের চলাচলের পথ রক্ষায় মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে অভিযোগ

পিরোজপুরের (কাউখালী) প্রতিনিধি:
 পিরোজপুরের কাউখালী সরকারি এসবি  বালিকা বিদ্যালয়ের দক্ষিণ পাশে জনসাধারণের চলাচলের ফুটপথ বন্ধ করে সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় জনগণের বাধার মুখে ঠিকাদার সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি বড় খাল এবং উত্তর পাশে মাত্র ১০ ফুট প্রশস্ত সড়ক রয়েছে। এই সড়ক দিয়েই কাউখালী উত্তর বাজার, বালুর মাঠ স্ট্যান্ড থেকে  বিভিন্ন এলাকায় শত শত অটোরিকশা, টমটম, ট্রাক, মিনি ট্রাকসহ বরিশাল, ঝালকাঠি, স্বরূপকাঠি ও পিরোজপুরগামী যানবাহন নিয়মিত চলাচল করে। ফলে সড়কটি সবসময়ই ব্যস্ত থাকে।
তাদের দাবি, রাস্তার একেবারে গা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণ করা হলে দুটি গাড়ি চলাচলের সময় সাধারণ মানুষের হাঁটার কোনো জায়গা থাকবে না। বিশেষ করে স্কুল ছুটির সময় ছাত্রীদের নিরাপদে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের কাছে মৌখিক অভিযোগ জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে স্থানীয়দের অভিযোগ, কার্যকর কোনো সিদ্ধান্ত না দিয়ে তিনি ঠিকাদারের মিস্ত্রিদের দুটি পিলার কিছুটা সরিয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে এলাকাবাসীর মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হয়।
এরই প্রতিবাদে বিদ্যালয়ের সামনে তাৎক্ষণিক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম রতন, কাঞ্চন খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া, বিএনপি নেতা ইমরান ফারুক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ,  রিপন আইচ, খোকন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শত শত সাধারণ মানুষ।
বক্তারা বলেন, মাত্র দুই সপ্তাহ আগেই একই এলাকায় গাড়িচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাই আর কোনো প্রাণহানি দেখতে চান না তারা। তাদের একটাই দাবি—রাস্তার পাশে অন্তত ২ থেকে ৩ ফুট জায়গা জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য সংরক্ষণ রেখে সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে।
পরে স্থানীয়রা পিরোজপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের অনুলিপি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে।
মানববন্ধনে অংশ নেওয়া সকলের একটাই দাবি—“মানুষের নিরাপদ চলাচলের পথ নিশ্চিত করুন, রাস্তার পাশে অন্তত ২ থেকে ৩ ফুট জায়গা খোলা রাখুন।” এ বিষয়ে কাউখালী এস বি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আখতার হোসেন বলেন স্থানীয়দের  অভিযোগের ভিত্তিতে উপজেলা  নির্বাহী কর্মকর্তা সরোজমিন পরিদর্শন করেছেন এবং দুটি পিলার একটু সরিয়ে করার জন্য পরামর্শ দিয়েছেন। সাধারণ মানুষ ও ছাত্রীদের চলাচলের ফুট পথ না রাখলে দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে জানতে চাইলে তিনি ইউ এন ও এর  সাথে কথা বলতে বলেন।
সমস্যার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান এর কাছে  জানতে চাইলে তিনি বলেন দুটি পিলার সরিয়ে দিতে বলেছি। কাজ শুরু হওয়ার আগে  আপনারা কই ছিলেন বলে  ঘটনা স্থল ত্যাগ করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!