
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হবার খবর পাওয়া গেছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের পিছনে আক্তার হোসেনের ১ তলাবিশিষ্ট একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), তার ছেলে সিয়াম (১৯), তার মেয়ে মিম (১৩) ও অন্য পরিবারের এক শিশু হযরত আলী (৮)। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ জোন-২ এর উপ সহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে জানান, ১ জুন এই পরিবারটি চাঁনপুরস্থ আক্তার হোসেনের বাসা ভাড়া নেন। এলপিজি সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস ছড়িয়ে পরে। বৃহস্পতিবার সকালে আনুমানিক সাড়ে ৬টায় ভাড়াটিয়া মান্নান মিয়ার স্ত্রী সুলতানা রান্নাঘরের দরজা ও জানালা না খুলে চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ আগুন বাসার চারপাশে ছড়িয়ে পরলে এ ঘটনায় ওই পরিবারের ৪ জন ও অন্য একটি পরিবারের ১ জন শিশুসহ মোট ৫ জন অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে।

আরও পড়ুন
মোল্লাহাটে গ্রাম আদালত শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত: জনসচেতনতা বৃদ্ধিতে জোর
বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে নতুন ল্যাবের উদ্বোধন করলেন ইউএনও শাম্মী আক্তার
আমদানি ও সরবরাহ বাড়ায় বগুড়া মহাস্থান হাটে কাঁচা মরিচের ব্যাপক দরপতন