
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (১৭) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির বাইরে থাকা হাঁস নিয়ে আসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সাব্বির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয় এবং এর সঙ্গে তীব্র বজ্রপাত দেখা দেয়। একপর্যায়ে বজ্রাঘাতে সাব্বির গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহতের স্বজনরা জানান, সাব্বির ছিল অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী একজন শিক্ষার্থী। তার ভবিষ্যৎ নিয়ে পরিবার ও শিক্ষকদের ছিল অনেক স্বপ্ন। কিন্তু আকস্মিক এই দুর্ঘটনায় সেই স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যায়। একমাত্র সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
সাব্বিরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন। স্বজনদের আহাজারি ও কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় কানাইকন্দর স্কুলপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকমণ্ডলী ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তারা মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেছেন।
স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ায় এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

আরও পড়ুন
মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ আটক
দৌলতদিয়ার অন্ধকার গলি: রিকশার চাকার আড়ালে চলছে কী? প্রবেশমুখে রহস্যময় তৎপরতা নিয়ে প্রশ্ন?
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার