হোম » সারাদেশ » রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

রামিসা হত্যাকারীসহ নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

রবিউল হাসান লায়ন, জামালপুর

রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দ্রুত বিচার আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৩ মে) দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা অ্যাডভোকেসি নেটওয়ার্ক।

মানববন্ধন চলাকালে প্রতিবাদস্বরূপ প্রায় ১০ মিনিট প্রতীকী সড়ক অবরোধ করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ সংকর রায়, অ্যাডভোকেট শামীম আরা, নারী নেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়ন কর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা ও শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ অনেকে।

বক্তারা বলেন, শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের ঘটনাগুলো উদ্বেগজনক। তারা দাবি করেন, জামালপুরে গত এক মাসে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের অন্তত ১৩টি ঘটনা ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক উদাসীনতার কারণেই অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!