হোম » জাতীয় » বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন-এর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
গত (১৮ মে ২০২৬) তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান এবং নবগঠিত সিটি কর্পোরেশনের কার্যক্রম সফলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়া সিটি কর্পোরেশনের যাত্রার শুরুতেই প্রথম প্রশাসক হিসেবে তার নিয়োগকে জেলার রাজনৈতিক, সামাজিক ও নাগরিক মহলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের পৌর ব্যবস্থার বাইরে এসে আধুনিক নগর প্রশাসনের আওতায় বগুড়াকে গড়ে তুলতে এই নিয়োগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সচেতন মহল।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি পরিকল্পিত নগরায়ণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!