হোম » সারাদেশ » ঈদ সামনে রেখে টিকিট সিন্ডিকেটে র‍্যাবের হানা জামালপুরে ৯৬৩ সিমসহ ধরা পড়ল ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য

ঈদ সামনে রেখে টিকিট সিন্ডিকেটে র‍্যাবের হানা জামালপুরে ৯৬৩ সিমসহ ধরা পড়ল ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য

রবিউল হাসান লায়ন ঃ জামালপুর

ঈদকে সামনে রেখে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে র‍্যাব-১৪। জামালপুরে বিশেষ অভিযান পরিচালনা করে টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট, ১৪টি মোবাইল ফোন ও চাঞ্চল্যকরভাবে ৯৬৩টি সিম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মিনাতুর রহমান মিনাত (২৫) ও মোঃ শাকিব (২৪)। তারা উভয়েই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ টিকিট কালোবাজারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বেশি দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করত।

বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবের সময় যাত্রীদের অসহায়ত্বকে পুঁজি করে চড়া মূল্যে টিকিট বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।

অভিযানে তাদের কাছ থেকে ১২টি আসনের ৭টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৫ হাজার ৮৮০ টাকা। এছাড়া উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি সিম নিয়ে স্থানীয়দের মাঝেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র‍্যাব আরও জানায়, ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!