
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় কারাগারে কারাভোগরত অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করা হয়। নিহত শিপন হাওলাদার বরগুনা জেলা সদরের সবেজ হাওলাদারের ছেলে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন অবৈধভাবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা জেলা কারাগারে পাঠায়।
আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই গত বৃহস্পতিবার কারাগারে অসুস্থ হয়ে পড়েন শিপন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে দুই দেশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুরে তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক