হোম » সারাদেশ » মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত

মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত

মোঃ এখলাস শেখ, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিশুদের সুরক্ষায় ব্যাপক পরিসরে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত।
মোরেলগঞ্জ উপজেলায় এ কার্যক্রমে মোট ৩৮৫টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৩২ হাজার ৫৫০ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। হাম ও রুবেলা দুটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। সময়মতো টিকা প্রদান করলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। তারা আরও জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর, তাই সকল শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করা জরুরি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলসহ সকল এলাকায় শিশুদের সহজে টিকা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদান করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!