
রবিউল হাসান লায়ন: কবিরাজির নামে ভয়ংকর প্রতারণার মাধ্যমে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে পিবিআই, জামালপুর। এ ঘটনায় তিনজন প্রতারককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, শেরপুর সদর থানার মামলা নং-৪২ (তারিখ: ১৭ মার্চ ২০২৬, ধারা ৪২০/৪০৬ পেনাল কোড) এর ভিত্তিতে তদন্ত শুরু হয়। মামলার বাদী শেরপুরের কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমান অভিযোগ করেন, তার অষ্টম শ্রেণীতে পড়ুয়া কন্যা মোছা. লুবাবা (১৩) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্ত হয়ে একটি প্রতারক চক্রের ফাঁদে পড়ে।
তদন্তে জানা যায়, টিকটকের মাধ্যমে ‘খুরশেদ কবিরাজ’ নামধারী এক প্রতারকের সঙ্গে তার পরিচয় হয়। বাবা-মায়ের ভালোবাসা পাওয়ার আশ্বাস দিয়ে ওই প্রতারক ও তার সহযোগীরা ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে মেয়েটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। পরে বিভিন্ন তান্ত্রিক কাজের কথা বলে ধাপে ধাপে বিকাশের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয়। এরপর ‘শেষ কাজ’ সম্পন্ন করার কথা বলে গত ১০ মার্চ কৌশলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায় চক্রটি।
পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশনায় এবং পুলিশ সুপার পংকজ দত্তের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মুছা মিয়া (২৯) ও রফিকুল ইসলাম (২৮) গ্রেফতার করা হয়। পরে ১৫ এপ্রিল ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে মূলহোতা মনির হোসেন (২১) কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশে মাটি খুঁড়ে ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। এছাড়া প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
কনটেন্ট ক্রিয়েটর থেকে প্রতারক! বিশ্বাস ভেঙে দিল ‘কবিরাজ’ মনির। তিনি Made In Jamalpur এর দেবর হিসেবে পরিচিত। গ্রেফতারকৃতরা ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ব্যক্তিগত সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত বলে স্বীকার করেছে। পিবিআই জানিয়েছে, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। পুলিশ সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া কবিরাজি, তান্ত্রিক বা অলৌকিক প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের