
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিকসহ গণ অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সংবাদ সম্মেলন করেছে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাণীশংকৈল প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামুনুর রশিদ মামুনের সহধর্মিণী ফাতেমাতুজ জোহরা। তিনি বলেন, “আমি বর্তমানে অন্তঃসত্ত্বা। এই সময়ে আমার পাশে আমার স্বামীর থাকা অত্যন্ত প্রয়োজন। তাই আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
সংবাদ সম্মেলনে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত জায়েদ বলেন, “মামুনুর রশিদ মামুন সব সময় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাণীশংকৈল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অসহায় মানুষের সঙ্গে অসদাচরণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ করায় তাকে দমন করতে এ মামলা দেওয়া হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, গত মঙ্গলবার পিআইও’র কার্যালয়ে অনিয়মিত অফিস কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতে গেলে নেতা-কর্মীদের আটকে রাখার চেষ্টা করা হয়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেন পি আইও নুরনবী সরকার । মামলার পর ওই রাতেই জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার এবং গতকাল শুক্রবার রাতে দিনাজপুর থেকে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে “মিথ্যা মামলা” প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রাণীশংকৈল উপজেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সায়েদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক