
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় ভেজাল জিরা মসলা তৈরির অভিযোগে এক মসলা কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র্যাব-১২ সিপিএসসি বগুড়ার যৌথ উদ্যোগে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়ায় অবস্থিত মেসার্স শাহীন ট্রেডার্স নামের একটি মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে কারখানার গুদামে আমদানিকৃত জিরার সঙ্গে তুলনামূলকভাবে কম দামের জিরা সদৃশ ক্যারাওয়ে সিড মিশ্রণ করতে দেখা যায়। পরে ওই মিশ্রণটি জিরা সমমূল্যে বাজারজাত করার উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া আমদানির সময় “ক্যারাওয়ে সিড” নামে ঘোষণা থাকলেও কারখানায় পলিশ মেশিনে পলিশ করে ভারতীয় ব্র্যান্ড “BT Diamond Jeera” এর নকল মোড়কে “জিরা” হিসেবে মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫ ও ২৬ ধারায় কারখানার মালিক মো. শাহীন আলম (৩২)-কে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানকালে গুদামে থাকা ৪২ বস্তা জিরা এবং ১৮০ বস্তার বেশি ক্যারাওয়ে সিড (এর মধ্যে ১২ বস্তা খোলা) জব্দ করা হয়। আমদানিকৃত পণ্যের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রি নিশ্চিত করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং র্যাব-১২ সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার