হোম » সারাদেশ » ধুনটে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ধুনটে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় লিলি খাতুন (২২) নামে এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী রাজু মিয়া পলাতক রয়েছেন। ‎বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে লিলি খাতুনের মরদেহ ধুনট থানা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহত লিলি খাতুন উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং রাজু মন্ডলের স্ত্রী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে রাজু মন্ডলের সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। রাজু মন্ডল যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের সংসার ছিল অভাব-অনটনের মধ্যে। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। ‎স্থানীয়দের দাবি, প্রায় এক বছর আগে রাজু মিয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেন। এ ঘটনা নিয়ে লিলি খাতুন ও রাজু মন্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ চলছিল।

‎গত বুধবার (৪ মার্চ) বিকেলে রাজু মন্ডল জীবিকার তাগিদে কর্মস্থলে এবং লিলির শ্বশুর-শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। এ সময় বিকেল সাড়ে ৪টার দিকে রাজুর ঘরের ভেতর তীরের সঙ্গে লিলি খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ‎ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মন্ডল জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!