হোম » সারাদেশ » বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ায় চাঞ্চল্যকর হাফেজ মাওলানা সাইফুল ইসলাম (৪১) হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২। গ্রেফতারকৃত ব্যক্তি  হলেন – ১নং আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম (৩২) এবং ৩নং আসামি মোছাঃ বেবী খাতুন (৫২)।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ মার্চ ভিকটিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, পিতা মৃত নওশের আলী, সাং-খান্দার, থানা-বগুড়া সদর, নিজ ক্রয়কৃত বগুড়া শহরের ঠনঠনিয়া মৌজার মাহবুবনগর শাহী ঈদগাহ মাঠ সংলগ্ন জমিতে চারজন রাজমিস্ত্রি নিয়ে সীমানা প্রাচীর নির্মাণকাজ করছিলেন। এ সময় বিবাদীপক্ষ ঘটনাস্থলে এসে প্রাচীর নির্মাণে বাধা দেয় এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।

‎এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্তরা ভিকটিমের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, গ্রেফতারকৃত ১নং আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম তার কোমর থেকে একটি চাকু বের করে ভিকটিমের তলপেটে আঘাত করে গুরুতর জখম করেন। হামলার পর ভিকটিমের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

‎স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। তবে পথিমধ্যে একই দিন রাতে তিনি মারা যান।

‎ঘটনার পর ভিকটিমের দুলাভাই মোঃ আলী আজম (৪৫) বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৯, তারিখ ০২/০৩/২০২৬ ইং; ধারা- ৪৪৭/১৪৩/৩২৪/৩২৬/৩০২/৪২৭/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০।

‎মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ১নং পলাতক আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম গ্রেফতার এড়াতে বগুড়ার ধুনট থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায় অবস্থান করছেন।

‎এরপর ২ মার্চ রাত আনুমানিক সাড়ে ৩টায় র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল ধুনট থানার মোহনপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধুনট থানার মোহনপুর গ্রামে তার বাবার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

‎একই দিন সকাল আনুমানিক সাড়ে ৫টায় বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ৩নং এজাহারনামীয় পলাতক আসামি মোছাঃ বেবী খাতুনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!