
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগের প্রস্তুতি নিচ্ছেন শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক ইনসান আলী। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের বাসিন্দা আলহাজ বাহেজ আলী প্রামানিকের ছেলে।
দীর্ঘদিন ধরে ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সম্পৃক্ত ইনসান আলী রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ১৯৯৭ সালে খানপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে তার রাজনৈতিক পথচলা শুরু। পরবর্তীতে ২০০৫ সালে বগুড়া আজিজুল হক কলেজের শহীদ আখতার আলী মুন হলের সাধারণ সম্পাদক, ২০০৯ সালে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ২০১০ সালে বগুড়া জেলা ছাত্রদলের সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর ২০১৬ সালে বগুড়া জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ২০২৪ সালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান।
স্থানীয়দের দাবি, ইনসান আলী একজন সৎ, পরিশ্রমী, ক্রীড়ামোদী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারে তার ভূমিকা রয়েছে বলেও জানান সমর্থকরা।
শালফা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, “ইনসান আলী আমাদের গ্রামের সন্তান। তিনি সব সময় মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। শিক্ষিত ও তরুণ নেতৃত্ব হিসেবে তাকে চেয়ারম্যান পদে দেখতে চাই।”
আরেক গ্রামবাসীর ভাষ্য, “আমরা চাই এমন একজন জনপ্রতিনিধি, যিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করবেন। ইনসান আলী সেই যোগ্যতা রাখেন।”
এ বিষয়ে ইনসান আলী বলেন, নির্বাচিত হলে তিনি খানপুর ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সেবামুখী ইউনিয়নে রূপান্তর করতে কাজ করবেন। এ লক্ষ্যে খুব শিগগিরই একটি জনসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে তার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ায় তিনি কতটা এগিয়ে যেতে পারেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক