
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
স্বাধীনতা পরবর্তী সময় থেকে শিল্প শহর জামালপুর-৪ সরিষাবাড়ী আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়ে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থী মন্ত্রীত্ব লাভ করায় ভিআইপি আসন হিসেবে বিবেচনা করা হয়। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ৮৮টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৪৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫১৫২৭ জন ও নারী ভোটার ১৫৩৪৬৪ জন এবং হিজড়া ভোটার ১ জন। এলাকায় অর্ধেকের বেশী নারী ও নতুন ভোটার থাকায় ভোটের ফল নির্ধারণে তারা বড় ভূমিকা রাখবে বলে ধারনা করা হচ্ছে। রোববার এই আসনের ছয়জন এমপি প্রার্থী এক সাথে ঐক্যবদ্ধ ভাবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা হাতেহাত রেখে মাদকমুক্ত সমাজ গঠন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সরিষাবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচার প্রচারণা, উঠান বৈঠক, কর্মী সমাবেশ, গণসংযোগে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। অতীতের যে কোন সময়ের চেয়ে এ আসনে বিএনপি ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীদের পক্ষে নারী ভোটারদের নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতিকের প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীমএর নির্বাচনী সভা গুলোতে পুরুষদের পাশাপাশি বিপুল নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিঃ আব্দুস সালাম তালুকদারের ভাতিজা জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেও হাইকোর্টের আদেশে তার প্রার্থিতা বাতিল করা হয়। বিএনপির অভ্যন্তরে কোন ধরনের কোন্দল না থাকায় সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি এবং পৌরসভার সাবেক মেয়র শামীম তালুকদারকে বিজয়ী করে এক সময়ের বিএনপির ঘাটি খ্যাত এ আসনটি পূনরুদ্ধার করতে ও হারানো ঐতিহ্য ফিরে পেতে চান নেতাকর্মীরা। এ ছাড়াও শামীম তালুকদারের স্ত্রী মেহেরজান আরা তালুকদার রুপা বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগে গিয়ে নারী-পুরুষ ভোটারদের কাছে ধানেরশীষ প্রতিকে ভোট চাইছেন। গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক আলআমিন মিলু, যুগ্মআহ্বায়ক আরিফ তালুকদার, যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলমসহ নেতাকর্মীরা একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়তে ধানেরশীষ প্রতিকের পক্ষে প্রচারনা শুরু করেছেন। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফয়েজুল কবীর তালুকদার শাহীন ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর নেতৃত্বে নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিরলস প্রাচরানায় এলাকার নতুন প্রজন্মের ভোটারদের বিএনপি প্রার্থী শামীম তালুকদার এবং ধানেরশীষ প্রতিকের প্রতি আগ্রহ তুঙ্গে বলে জানাগেছে।
অপরদিকে, জামায়াত ইসলামীর প্রার্থী এড. মোঃ আব্দুল আওয়াল ১১ দলীয় জোটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। জোটের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফ্তি মোখলেছুর রহমান জমিরী, জেলা নাগরিক পার্টি (এনসিপি)র সদস্য সচিব ও সরিষাবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়ক ডাঃ মোশাররফ হোসেন মিলনসহ স্থানীয় জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জামায়াত ইসলামীর মহিলা শাখার নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতিকের বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে গ্রামের তৃণমূল পর্যায়ে চষে বেড়াচ্ছেন। বিশেষ করে জামায়াত ইসলামীর মহিলা শাখার কর্মীরা গ্রামের নারী ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দিতে উদ্বুদ্ধ করছেন। দিচ্ছেন প্রতিশ্রুতি। দাঁড়িপাল্লার বিজয় ছিনিয়ে আনতে নানা রকম কৌশলে তৎপর জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা। ভোটের মাঠে নারী ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে জামায়াতের সমর্থন বাড়ছে বলে দাবী তাদের।
এ ছাড়াও হাতপাখা প্রতিকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশএর মাওলানা আলী আকবর সিদ্দিক ও কাস্তে প্রতিক প্রার্থী বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মাহবুব জামান জুয়েল নির্বাচনী প্রচারে মাঠে থাকলেও কেটলি প্রতিকের প্রার্থী নাগরিক ঐক্যর যুগ্মসাধারণ সম্পাদক এসএমএ কবীর হাসান, ট্রাক প্রতিকের প্রার্থী গণঅধিকার পরিষদএর ইকবাল হোসেনএর নির্বাচনী প্রাচারনা প্রায় নেই বলে জানাগেছে। জনগণের ভালোবাসা, বিশ^াস ও আস্থা নিয়ে সরিষাবাড়ীতে উন্নয়নের পাশাপাশি দূর্ণীতি, অনিয়ম প্রতিরোধ করে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক মাদক মুক্ত সমাজ গড়ার মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করছেন বিএনপি ও জামায়াত প্রার্থীরা। স্থানীয় ভোটার ও রাজনীতি সচেতন মহলের ধারনা, এ আসনে বিএনপি-জামায়াতএর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী থাকায় দলটি তুলনামূলক ভাবে অনেক এগিয়ে রয়েছে। তবে নারী ভোটারই সরিষাবাড়ী আসনে বিএনপি-জামায়াতএর মধ্যে ব্যবধান গড়ে বিজয়ে মূখ্য ভূমিকা রাখবে বলে স্পষ্ট ধারনা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ