হোম » জাতীয় » এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশান কার্যালয়ে

এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশান কার্যালয়ে

আওয়াজ অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ তার বাসভবন ফিরোজায় নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী ফ্রিজিং ভ্যান হাসপাতাল ত্যাগ করে। এ সময় পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মরদেহবাহী গাড়িকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএমপির নির্ধারিত রুট অনুসরণ করে মরদেহটি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দফতরের পাশ দিয়ে গুলশান–২ এলাকার বাসভবন ফিরোজায় পৌঁছায়।

দীর্ঘদিনের আবাসস্থল ফিরোজায় মরদেহ কিছু সময় রাখা হবে। এরপর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে এয়ারপোর্ট রোডে উঠে মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরগেট ও বিজয় সরণি দিয়ে অগ্রসর হওয়ার কথা রয়েছে মরদেহবাহী গাড়ির।

পরবর্তী সময়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে প্রবেশ করে মরদেহটি সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!