
সালেকুজ্জামান সালেক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে এক নজর দেখে প্রাণ জুড়িয়ে গেছে—এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রংপুর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক প্রত্যাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং প্রিয় নেতাকে এক নজর দেখতে পেরে তাকে বরণ করার আনন্দে তারা এসব কথা বলেন।
প্রিয় নেতার স্বদেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দুই দিন আগেই রংপুরসহ বিভিন্ন উপজেলা থেকে সংসদ সদস্য প্রার্থী, দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ট্রেন, মাইক্রোবাসসহ নানা যানবাহনে ঢাকার উদ্দেশে রওনা হন। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব পরিবহন কিংবা পছন্দসই যানবাহনে করে ঢাকায় পৌঁছে এই ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ প্রত্যক্ষ করেন।
তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্মরণকালের এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা শহর, বন্দর, হাট-বাজার ও গ্রামগঞ্জে প্রতিদিনই আনন্দ ও উৎসবের আয়োজন করছেন।
রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহরি আলম মনির জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাতে যুবদল মহানগরীর ৩৩টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় কয়েকদিন ধরে প্রতিদিন শুভেচ্ছা মিছিল করছে।
রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন বলেন, তারেক রহমানের স্বদেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশে যে সংকট রয়েছে, তা থেকে জনগণ মুক্তি পাবে।
রংপুর মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বলেন, মহিলা দলের একটি বিশাল বহর নিয়ে তারা দুই দিন আগেই ঢাকায় এসেছেন। প্রিয় নেতাকে বরণ করতে তারা বিমানবন্দর এলাকায় অবস্থান করেন এবং কাছ থেকে নেতাকে দেখার সুযোগ পান। এতে তাদের দীর্ঘদিনের দুঃখ-কষ্ট দূর হয়ে গেছে।
মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরজানা বেগম বলেন, প্রায় ১৮ বছর পর প্রিয় নেতাকে এক পলক দেখতেই মনে অনেক সুখ অনুভব করেছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন— “I have a plan”। তিনি বিশ্বাস করেন, এই পরিকল্পনা বাংলাদেশ ও জনগণের কল্যাণে কাজ করবে। একটি বসবাসযোগ্য কল্যাণরাষ্ট্র গড়ে উঠবে, যেখানে থাকবে সাম্য, মানবতা ও শান্তি।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, প্রিয় নেতার প্রত্যাবর্তন আমাদের নতুন জীবন দিয়েছে। আগামীর বাংলাদেশ হবে সকলের জন্য। তিনি আরও বলেন, রংপুর সদর-৩ আসনে জনগণ ধানের শীষকে বিজয়ী করলে রংপুর হবে উন্নয়নের মডেল।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। এই দেশ হবে শান্তি ও কল্যাণের দেশ—জাতি ও ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা