
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাড়িতে চলাচলের পথ বন্ধ করার প্রতিবাদ করায় আপন ফুফাতো ভাইয়ের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার বুড়াইচ ইউনিয়নের কটুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ফুল মিয়া বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- একই গ্রামের জাকির শেখ (৪৫), তার দুই ছেলে তামিম শেখ (২০) ও আকাশ শেখ (২৩) এবং স্ত্রী রত্না বেগম (৪০)। অভিযুক্ত জাকির শেখ সম্পর্কে ফুল মিয়ার আপন ফুফাতো ভাই।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ফুল মিয়া ও জাকির শেখের বাড়ি পাশাপাশি। দীর্ঘদিন ধরে জাকির ও তার ছেলেরা ফুল মিয়ার পরিবারের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। পেশায় ইজিবাইক চালক ফুল মিয়া সকালে গাড়ি নিয়ে বের হতে চাইলে অভিযুক্তরা পথ আটকে দেয়। এর প্রতিবাদ করলে জাকির শেখের নেতৃত্বে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ফুল মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ফুল মিয়ার ছেলে সুমন শেখ (২৪) ও অন্তঃসত্ত্বা পুত্রবধূ কাকলী বেগম তাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও এলোপাতাড়ি মারধর করে। হামলার একপর্যায়ে অভিযুক্তরা লোহার শাবল দিয়ে অন্তঃসত্ত্বা কাকলী বেগমের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফুল মিয়া ও সুমন শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত কাকলী বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জাকির শেখ ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছেন। এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা