হোম » সারাদেশ » ডোমারে সপ্তাহ ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন

ডোমারে সপ্তাহ ব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদযাপন

রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী)প্রতিনিধিঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সপ্তাহ ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। তিনি র‌্যালিতে অংশগ্রহণ করেন এবং ফিতা কেটে সপ্তাহব্যাপী প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরবর্তী আলোচনা সভায় অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এসিল্যান্ড মুন্নী রানী চন্দ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. জাকিরুল ইসলাম জাকির, মৎস্য কর্মকর্তা মামুনূর রশীদ, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী প্রমুখ।

এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থান পায়। স্টলগুলোতে প্রাণিসম্পদ তথ্য ও সেবা, আধুনিক প্রযুক্তি, বিভিন্ন প্রাণিসম্পদজাত পণ্য, উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, গাড়ল, ঘোড়া ও পাখির প্রদর্শনী রাখা হয়েছে।

দিনব্যাপী কার্যক্রম শেষে খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামী ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!