
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য অতিরিক্ত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে উপজেলা প্রশাসন ও শিক্ষা কমিটির পক্ষ থেকে। শিক্ষার্থীদের দূরত্ব ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় উপজেলার গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ে নতুন পরীক্ষা কেন্দ্র করার প্রস্তাব পাঠানো হয়।
তবে স্থানীয়রা এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতি মঙ্গলবার ও শুক্রবার বড় ধরনের হাট বসে। এমনকি হাটের নির্দিষ্ট দুই দিন ছাড়াও প্রতিদিন ওই মাঠে বাজার জমে। বিদ্যালয়টিতে যথাযথ বাউন্ডারি ওয়ালও নেই—ফলে পরীক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে বড় ধরনের বাধা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা গেছে, প্রাথমিকভাবে উপজেলার নওদাবাস কালীমোহন তফসিলী উচ্চ বিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র করার জন্য জেলা প্রশাসক বরাবর প্রস্তাব পাঠানো হয়। পরে ‘অদৃশ্য শক্তির’ প্রভাবে তা বাতিল করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, “পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয়কে এসএসসি পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মর্জিনা খাতুন বলেন, “পরীক্ষা শুরুর আগেই আমরা পরীক্ষার উপযোগী সুষ্ঠু পরিবেশ তৈরির ব্যবস্থা নেব।”
এদিকে, পরীক্ষাকেন্দ্র অনুমোদনের জন্য নওদাবাস কালীমোহন তফসিলি উচ্চ বিদ্যালয় এবং গোতামারী ডিএনএসসি উচ্চ বিদ্যালয় দুই প্রতিষ্ঠান থেকেই দিনাজপুর শিক্ষা বোর্ড বরাবর আবেদন করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ইতোমধ্যে উভয় বিদ্যালয় পরিদর্শন করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান