
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ প্রতারণা মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম মিলনকে আদালত জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত – ২ এর বিচারক মেহেদী হাসান শুনানি শেষে এই আদেশ দেন।
মামলা নং ২১৭৩/২৫ (ধারা ৪০৬/৪২০/১০৯)–এ হাজিরা দিতে এদিন আদালতে উপস্থিত হন মিলন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
বগুড়ার সারিয়াকান্দী উপজেলার বাসিন্দা মিলনকে ২০২৫ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতির আদেশক্রমে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইংয়ের তদন্তে উঠে আসে – ২০২৩ সালের সেপ্টেম্বর–অক্টোবর মাসে অসুস্থতার কথা বলে তিনি ছুটিতে থাকলেও বগুড়া–১ (সারিয়াকান্দী–সোনাতলা) আসনে তার স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রচারণা কৌশল নির্ধারণে সক্রিয় ছিলেন।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার না করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রতারণা মামলায় তার গ্রেফতার ও আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ তার পূর্বের বিতর্কিত কর্মকাণ্ডের ধারাবাহিকতারই অংশ। মামলাটির তদন্ত ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত