
রায়হান শেখ,মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধে আজ ভোর ৬টা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অংশ নেয় থানা পুলিশ, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এবং হাইওয়ে পুলিশের বিশেষ ইউনিট।
সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই মোল্লাহাট সেতুকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। হঠাৎ চালানো এই অভিযানে সেতুর দুই প্রান্তে চেকপোস্ট বসানো হয় এবং প্রতিটি গাড়ি ও মোটরসাইকেলকে তল্লাশির আওতায় আনা হয়। পাশাপাশি সন্দেহভাজন পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকা থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরির গোপন তৎপরতার তথ্য পাওয়া গেছে। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে আগাম সতর্কতার অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তারা।
অভিযান চলাকালে এপিবিএন ও হাইওয়ে পুলিশের সদস্যরা সেতুর প্রবেশমুখ, নিকটবর্তী বাজার এলাকা এবং সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন। যাত্রীবাহী বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর থেকে এমন তৎপরতা এলাকায় নিরাপত্তার পরিবেশকে আরও দৃঢ় করেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক বলেন, এ অভিযান চলমান থাকবে এবং প্রয়োজনে এর পরিধি আরও বাড়ানো হবে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপত্তা টিমকে সহযোগিতার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা যৌথবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন—এ ধরনের অভিযান নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক