
মোঃ নাজমুল ইসলাম সবুজ
বাগেরহাটের পঁচা দিঘি থেকে এক রাজমিস্ত্রির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে কাড়াপাড়া ইউনিয়নের পঁচা দিঘির পাড় এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের সামনে রাস্তার পাশে দিঘী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫)। তিনি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশ চন্দ্র বিশ্বাসের ছেলে। সুমন্ত পেশায় রাজমিস্ত্রি ছিলেন এবং বাগেরহাট পৌরসভার দশানি মোড়ে অবস্থিত জেলা কৃষকদলের আহ্বায়ক আসাফ উদৌলা জুয়েলের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৩ অক্টোবর) দুপুর একটার দিকে সুমন্ত বিশ্বাস সদর উপজেলার বাদেকাড়াপাড়ার মো. রফিকুল ইসলাম রাসেলের বাসায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। হঠাৎ কাজ শেষ না করেই তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
মৃত সুমন্ত বিশ্বাসের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা