
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৭নং সেনিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। অদ্য বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োজিত থাকলেও এ চুরি হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম জানান, সকালে আনুমানিক সাড়ে ৮ টার দিকে বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী আমাকে মুঠোফোনে কল করে জানায় বিদ্যালয়ে চুরি হয়েছে। এরপর আমি দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হই এবং দেখি অফিস কক্ষের তালা ভাঙা। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল অফিস কক্ষ থেকে ৩ টি সিলিং ফ্যান, ১ টি পুরাতন নষ্ট ল্যাপটপ, ১ টি বড় সোলার ব্যাটারি (১২ ভোল্ট), ২ টি ছোট স্পিকার এবং পঞ্চম শ্রেণির শ্রেণিকক্ষ থেকে আরও ৩টি সিলিং ফ্যান। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকারও বেশি। তিনি আরও জানান, বিদ্যালয়টি রুহিয়া চৌরাস্তা থেকে তিন কিলোমিটার দূরে। এখানে আমাদের একজন নৈশপ্রহরী রয়েছে। তারপরও কীভাবে অফিসের তালা ভেঙে চুরি হলো, তা বোধগম্য নয়। বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য স্থাপিত বেশ কিছু রাইডার রয়েছে সেগুলোও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। আমরা শঙ্কিত, সেগুলিও চুরি হয়ে যেতে পারে।
এ বিষয়ে নৈশপ্রহরী মোজারুল ইসলামের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান এবং কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। চুরির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরাও। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমাদের ক্লাসরুম থেকে ফ্যান চুরি হয়ে গেছে। ক্লাসরুমের ভেতরে গরমের কারণে বসা যায় না। আমরা বাইরে গাছ-তলায় ক্লাস করবো। এই চুরির ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দ্রুত তদন্তপূর্বক দোষীদের শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রুহিয়া থানার এসআই রফিক বলেন, প্রধান শিক্ষকের অবগতির পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রধান শিক্ষক বলছেন নৈশপ্রহরীর দায়িত্ব ২৪ ঘণ্টা, কিন্তু প্রহরী দাবি করছেন তাঁর ডিউটি শুধুমাত্র দিনের বেলায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল