
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ জীবিকার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি হারিয়ে গেছে। দু’দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। আশপাশের বিভিন্ন হাটবাজারে ও পথেঘাটে অনেক খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান মেলেনি। ভ্যান হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন চালক মো. জিহাদুল ইসলাম (২৮)।
জিহাদুল ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কঠুরাকান্দী গ্রামের বাসিন্দা। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও নানীসহ সাতজনের সংসার চলে ভ্যানের চাকায়। এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবে তাঁর কাটছে দিনরাত।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার গোলঘরে বসে আছেন জিহাদুল ইসলাম। তাঁর চোখে মুখে হতাশার ছাপ। হারিয়ে যাওয়া অটোভ্যানটি ফিরে পেতে লিখিত অভিযোগ দিতে থানায় এসেছেন তিনি।
এসময় জিহাদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আমার বসতঘরের জানালার সাথে অটোভ্যানটি তালাবদ্ধ করে চার্জে রেখে ঘুমিয়ে যাই। সেদিন ফজরের নামাজ পড়তে উঠে দেখি আমার অটোভ্যানটি নেই। পরে অনেক খোঁজাখুঁজি করেও অটোভ্যানটি না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
তিনি জানান, মাত্র পাঁচ মাস আগে তার এক নিকটস্থ আত্মীয়ের নিকট থেকে ৩০ হাজার টাকা লোন নিয়ে পুরাতন একটি অটোভ্যান ক্রয় করেন তিনি। এরপর আরও ৩০ হাজার টাকা ব্যয় করে নতুন ব্যাটারি ও যন্ত্রাংশ পরিবর্তন করে অটোভ্যানটি নতুন করে তোলেন।
জিহাদুল ইসলাম জানান, ঘরে তার অসুস্থ বাবা। বাবার প্রতিমাসে তিন হাজার টাকার ওষুধ লাগে। এছাড়া মা, নানী, স্ত্রী ও দুই মেয়ের সংসার চালিয়ে প্রতিমাসে ঋণ পরিশোধ করতে হয় তার। তবে গত পরশু উপার্জনের একমাত্র সম্বল অটোভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে জিহাদুল ইসলাম বলেন, ‘ওই ভ্যানই আমার সব। ভ্যান চালিয়েই প্রতিদিন চাল-ডাল কিনতে হয়। এখন খাব কী? আর লোন (ঋণ) দেব কী করে…।’ প্রতিবেশী রাকিবুল ইসলাম জানান, ‘জিহাদুল গরিব ও অসহায়। ভ্যানটি হারিয়ে পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন জিহাদুল।’
জানতে চাইলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল