হোম » সারাদেশ » আশুলিয়ায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন সদস্য-স্বামী, স্ত্রী ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

‎নিহতরা হলেন-রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও তাদের মেয়ে জামিলা (৬)। তারা বগুড়ার ধুনট উপজেলার নলডাঙা গ্রামের বাসিন্দা। পেশায় রুবেল ছিলেন রাজমিস্ত্রী এবং সোনিয়া স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। বিকেলে পাশের কক্ষের এক ভাড়াটিয়া জানালা দিয়ে উঁকি দিয়ে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে, তারা এসে দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে।

‎আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, সোনিয়া তার স্বামী-সন্তানসহ আব্দুল কাদের দেওয়ানের মালিকানাধীন একটি টিনশেড বাড়ির কক্ষে ভাড়া থাকতেন। উদ্ধারকালে রুবেলের মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী ও শিশুকন্যার মরদেহ বিছানা থেকে পাওয়া যায়।

‎তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনও কারণে রুবেল প্রথমে স্ত্রী ও মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!