
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে ভোক্তা ও ডিলারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৮ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার আওনা ইউনিয়নের তরুণীআটা বটতলা মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার আওনা ইউনিয়নের তরুণীআটা গ্রামের ডিলার নান্নু মিয়ার তালিকায় নতুন ২৪ জন ভোক্তারের নাম যুক্ত হয়। সোমবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিতে যান দৌলতপুর গ্রামের সোলায়মান হোসেনের পুত্র রিপনের ছোট ভাই ইমন। নান্নু মিয়ার পুত্র কাজিমুদ্দিনের কাছে রিপনের নামে ছোট ভাই ইমন চাল তোলার সময় দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠে। এই ঘটনার জেরধরে সোমবার রাত ৭টার দিকে ইমন ও তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মোড়ে বসে থাকা ডিলারের লোকজনের উপর হামলা ও মারপিট চালায়। উভয় পক্ষের সংঘর্ষে কাজিমুদ্দিন, আমজাদ হোসেন, কুদরত আলী, স্বপন মিয়া, বাদল ভুট্টো ও সাইমসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে আমজাদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল