
বর্তমান সমাজে সাংবাদিকতা একটি আত্মত্যাগ ও মহান পেশা। একজন সাংবাদিক কেবল তথ্য সংগ্রহ করেন না, তিনি সমাজের কথা বলেন, মানুষের সমস্যা তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান এবং রাষ্ট্র ও জনগণের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করেন। তবুও বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়—অনেকেই যখন জানতে পারেন কারও পেশা সাংবাদিকতা, তখন হঠাৎ করে দূরে সরে যান বা সম্পর্ক ছিন্ন করেন। প্রশ্ন জাগে, সাংবাদিকতা কি সত্যিই ভয় পাওয়ার মতো কোনো পেশা?
সাধারণ মানুষের ধারণা, সাংবাদিক মানেই খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করেন। ফলে অনেকের মনে হয়, একজন সাংবাদিকের সাথে ঘনিষ্ঠ হলে হয়তো নিজের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে। এই অযৌক্তিক আশঙ্কা তাদের দূরে সরে যেতে বাধ্য করে।
যারা স্বচ্ছ নন, অনৈতিক কাজে জড়িত কিংবা কোনো অন্যায় কর্মকাণ্ড আড়াল করে রেখেছেন, তারা সাংবাদিক নাম শুনলেই ভীত হন। তাদের মনে হয়, এই সম্পর্ক তাদের লুকানো সত্য প্রকাশ করে দিতে পারে। তাই আত্মরক্ষার কৌশল হিসেবে তারা সরে যাওয়াকেই নিরাপদ মনে করেন।
দুঃখজনক হলেও সত্য, সব সাংবাদিক সমানভাবে দায়িত্বশীল নন। কখনো পক্ষপাতদুষ্টতা, অতিরঞ্জন বা ভ্রান্ত তথ্য প্রচারের কারণে সাংবাদিকতা নিয়ে মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষ সাংবাদিকদের প্রতিও শঙ্কা বা অনীহা প্রকাশ করেন।
অনেকে মনে করেন, সাংবাদিকের সাথে সম্পর্ক মানেই কথাবার্তা ভুলভাবে ব্যাখ্যা হয়ে প্রকাশ্যে চলে যেতে পারে। এই অস্বস্তিই তাদের দূরত্ব বজায় রাখতে বাধ্য করে।
কিন্তু বাস্তবতা হলো—সাংবাদিকতা কোনো সাধারণ পেশা নয়। সাংবাদিকতা একটি আত্মত্যাগ ও মহান পেশা। গণমাধ্যম ছাড়া সমাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সত্য প্রতিষ্ঠা অসম্ভব। একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো মানুষের কণ্ঠস্বর তুলে ধরা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা।
যারা সাংবাদিকদের কাছ থেকে দূরে সরে যান, তারা আসলে পেশাটির প্রকৃত মূল্য বোঝেন না। অনেক সময় নিজেদের ভেতরে থাকা ভীতি, অপরাধবোধ কিংবা অস্বচ্ছতার কারণেই তারা সরে যান।
সাংবাদিকদেরও উচিত পেশাগত জীবনের বাইরে সাধারণ আলাপচারিতায় আন্তরিকতা ও আস্থার পরিবেশ তৈরি করা। এতে মানুষের ভীতি কমবে। অন্যদিকে সাধারণ মানুষকে বুঝতে হবে—সাংবাদিক মানেই ভয় নয়, বরং সমাজের কল্যাণে নিয়োজিত একজন কর্মী। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার প্রসার ও ভ্রান্ত প্রচারণার প্রতিরোধ জরুরি।
অতএব, সাংবাদিকতা পেশা ভয় বা দূরে সরে যাওয়ার নয়; বরং এটি সমাজে সম্মান, আস্থা ও সত্য প্রতিষ্ঠার প্রতীক। একজন প্রকৃত সাংবাদিক সর্বদাই সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান এবং মানুষের কল্যাণে নিবেদিত থাকেন।
লেখক: শাহজাহান সিরাজ সবুজ,
কলামিস্ট ও সাংবাদিক।

আরও পড়ুন
ব্যবসাবান্ধব ও জনকল্যাণমুখী বাজেটই টেকসই অর্থনীতির রূপরেখা
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
কোটি টাকার যুগে এক হাজার টাকার নোট এখন অনেকটাই অপ্রতুল মনে হচ্ছে