
শাহজাহান সিরাজ, পলাশবাড়ি (গাইবান্ধা)
গাইবান্ধা – পলাশবাড়ী সড়কের সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে ১৮ জুলাই ২০২৫ শুক্রবার সকালে সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ, গাইবান্ধা -এর উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ, গাইবান্ধা’র সভাপতি এ্যাড. কুশলাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক এ্যাড. ফারুক কবীরের আহ্বানে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, গাইবান্ধা জেলা বারের সদস্য এ্যাড. মোহাম্মদ আলী প্রামানিক, রবিদাশ ফোরামের সভাপতি সুনীল রবিদাস, সাধারণ সম্পাদক খিলন রবিদাস, আইনজীবী সহকারী আব্দুল হাই, সমাজকর্মী মনির হোসেন সুইট, সাদেকুল ইসলাম, জিহাদ প্রধান, মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক, সোমা ইসলাম, কাজি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা আজ উন্নয়ন থেকে ছিটকে পড়া এক ‘পকেট শহর’, যেখানে নেই শিল্প, নেই কর্মসংস্থান, নেই সম্ভাবনার সদ্ব্যবহার। অথচ এই জনপদের পাশে, সাঁকোয়া ব্রিজ এলাকায় যদি ইপিজেড গড়ে ওঠে, তাহলে গোটা উত্তরাঞ্চলের চিত্রই বদলে যাবে।
তারা বলেন, গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক এই এলাকাকে কেন্দ্র করে ইপিজেড গঠনের সুপারিশ পাঠিয়েছিলেন, যেটি গাইবান্ধাবাসী আন্তরিকভাবে সমর্থন করেছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এই প্রস্তাব বাতিল করে আদিবাসী সাঁওতাল পল্লীর মত একটি বিরোধপূর্ণ এলাকায় ইপিজেড স্থাপনের চেষ্টা করছে, যা মানবিক ও সুশিল মানুষের আপত্তির মুখে ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে।
বক্তারা বলেন, সাঁকোয়া এলাকায় ইপিজেড হলে রয়েছে সহজ যোগাযোগ—রেলপথ, রাজপথ, নৌপথ, এমনকি হেলিপ্যাডও নিকটেই। এতে বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে, কর্মসংস্থান হবে হাজারো মানুষের। সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জসহ আশপাশের উপজেলার মানুষ সহজেই যাতায়াত করতে পারবে।
তারা আক্ষেপ করে বলেন, গাইবান্ধার উন্নয়নকে উপেক্ষা ও পরিবেশগত (ইআইএ) বা সামাজিক প্রভাব (এসআইএ) মূল্যায়ন ছাড়াই বর্তমান জেলা প্রশাসকের একতরফা সিদ্ধান্তে গোবিন্দগঞ্জের সাঁওতালদের দাবীকৃত বিতর্কিত উর্বরা ফসলী জমিতে ইপিজেড করার ঘোষণা শুধু অনৈতিকই নয়, গাইবান্ধাবাসীর সঙ্গে চরম অবিচার।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক