
মোস্তাফিজুর রহমান,নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আতাউর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (১৪ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে।
ভুক্তভোগী অধ্যক্ষ মোঃ আতাউর রহমান (পিতা: মোঃ আকবর আলী সরদার, সাং: ছাতারভাগ, থানা: নলডাঙ্গা, জেলা: নাটোর) অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বিএনপি-সমর্থিত মোঃ আলমগীর হোসেন ওরফে আলী (৪০) তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। এ সময় আলমগীর হোসেনের হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে আঘাতের চেষ্টা চালালেও স্থানীয়দের বাধায় তা থেকে রক্ষা পান অধ্যক্ষ।
স্থানীয়রা জানান, অধ্যক্ষ আতাউর রহমান ও আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি মাছ চাষের পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল। এছাড়া, গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আলমগীর হোসেনের কন্যা ও উক্ত বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিরামজাম মুনিরা স্কুলের অ্যাসেম্বলিতে না গিয়ে সরাসরি শ্রেণিকক্ষে যাওয়ায় তাকে শাসন করেন শিক্ষিকা মোছাঃ ফিরোজা খাতুন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আলমগীর হোসেন অধ্যক্ষ ও শিক্ষিকার বিরুদ্ধে মামলা করেন এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন।
অভিযোগ রয়েছে, এ সকল ঘটনার জের ধরেই আজকের মারধরের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে সকাল ১১টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ছাতারভাগ স্কুল এন্ড কলেজ চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে প্রায় ১৮০-২০০ জন অংশগ্রহণ করেন।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় ছাতারভাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে।অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি