হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে সাবেক এমপির গাড়ি ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

বগুড়া শেরপুরে সাবেক এমপির গাড়ি ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা-ভাঙচুরের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হলেন, আব্দুল্লাহ আল মোনায়েম। আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার (০৩ই জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে জানান শেরপুর থানার ওসি।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বের হন। একপর্যায়ে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা এলাকায় পৌঁছালে, অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে তাঁর গাড়িবহরে হামলা চালায়।
হামলার সময় একাধিক হাতবোমার বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধারালো রামদা দিয়ে একটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এছাড়া বিএনপির নেতাকর্মীদের বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। মামলায় আরও অভিযোগ করা হয়, সন্ত্রাসীরা ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় ২০১৮ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় মামলা করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, আব্দুল্লাহ আল মোনায়েমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!