
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট শহর শাখার উদ্যোগে বাস পরিবহণ সেক্টরের শ্রমিকদের সম্মানে এক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শুক্রবার দিবাগত রাতে এশার নামাজের পর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানীহাট শহর শাখার সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মোক্তার হোসাইনের সঞ্চালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেরানীহাট শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালেক দারসুল কুরআন উপস্থাপন করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ নুর হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোক্তার হোসাইন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ শফিউল আলম,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা শাখার সভাপতি ফোরকান আযাদ, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেওচিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার নুর হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন বলেন, “আল্লাহর রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন যাপন করার জন্য শ্রমিকদের মধ্যে সচেতনতা তৈরি করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি আরও বলেন, শ্রম দিয়ে উপার্জন করাই হচ্ছে নবীদের সুন্নত। সকল নবী-রাসূলই শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করেছেন। এমনকি হযরত উমর (রা.) সফরের সময় নিজের উট টানার শ্রমিককে উটে উঠিয়ে দিয়ে নিজে রশি ধরে মরুভূমিতে হেঁটে হেঁটে সফর করেছিলেন।”
প্রধান বক্তা দক্ষিণ জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার বলেন, “শ্রমিকদেরকে আগে দুটি শ্রেণির মানুষ পরিচালনা করতো—একটি হচ্ছে বুর্জোয়া শ্রেণি, আরেকটি হচ্ছে নাস্তিক্যবাদী শ্রেণি। তারা শ্রমিকদেরকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটে নিয়েছিল। সেই শোষণমূলক ব্যবস্থার বিপরীতে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে। মুসলিম শ্রমিকদের শরয়ী বিধান অনুসারে জীবন পরিচালনায় উদ্বুদ্ধ করছে সংগঠনটি।”
বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা সহ-সভাপতি মোহাম্মদ শফিউল আলম বলেন, “ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত না হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। তাই ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে কেরানীহাট শহর শাখার সভাপতি আনোয়ার হোসাইন বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।” ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল